ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ, কারণ কী?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট পট পরিবর্তনের পর শপথ নেয়া অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন নাহিদ। তবে মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত থেকে তাকে নিয়ে #WeAreNahid হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিকমাধ্যম ফেসবুক।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে ‘উই আর নাহিদ’, ‘উই আর আসিফ’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা হয়েছে। আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, আগের কমিটির সমন্বয়ক সারজিস আলম, আবদুল কাদের, মো. আবু বাকের মজুমদারসহ অনেকে নাহিদকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।
কেন এই হ্যাশট্যাগ?
সম্প্রতি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে নির্বাচনে অংশ নেয়া শিক্ষককে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) পরিচালক নিয়োগে সুপারিশ প্রদানের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশসহ সই করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে নাহিদ ইসলাম এ বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন।
এ নিয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম লিখেছেন, ‘১৫ই অক্টোবরের নিয়োগ ২২শে অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।’
‘মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন। কিন্তু ঐ ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথেই উনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছে।’
এদিকে গত ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচির সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেওয়া একটি স্লোগান নিয়ে নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
যদিও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম #WeareNahid হ্যাশট্যাগ লিখে তার ফেসবুকে লিখেছেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আন্দোলন শুরু হওয়ার পর, মিছিলের জন্য শ্লোগান তৈরির একটা কর্মসূচি ছিল।
তার অংশ হিসেবে আমি নিজেও একটা শ্লোগান যোগ করি, ২ নভেম্বর।
‘আর্মি হবে ঠিকাদার,
সব শালারাই বাটপার।’
সেদিন থেকেই এটা জবি আন্দোলনের শ্লোগান হিসেবে স্থান পায়। যা আমি সম্পূর্ণ টেন্ডার দুর্নীতির বিরুদ্ধে ও আর্মির হাতে জবি ক্যাম্পাসের ঠিকাদারি দেওয়ার মাধ্যমে দ্রুত ও স্বচ্ছ কাজের অগ্রগতির জন্য তৈরি করেছিলাম।
কাজেই লীগাররা নাহিদ ভাইয়ের বিরুদ্ধে এ শ্লোগান দাঁড় করিয়ে জলঘোলা করার চেষ্টা করবা না। তোমাদের বিষবৃক্ষ নির্মূল করতে আমরা সর্বদাই এক কাতারে।
তবুও যদি এসব করে বুকে আশা পাও তবে শুনো-
‘সাঈদ, নাহিদ দূর্বার,
আমরা হবো খুঁটি তার।’
#WeareNahid”
এদিকে নাহিদকে সমর্থন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম তার ফেসবুকে লিখেছেন, ‘আমরা জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিলাম। নাহিদ ইসলাম, Asif Mahmud যেহেতু ফ্রন্টলাইনে ছিলো ফ্যাসিস্টের প্রথম টার্গেটও তারাই এবং এখনো আছে। তাদের নিবেদিত লড়াই- নিশ্চিত কাঠগড়া কিংবা মৃত্যু জেনেও আপোষহীন রাজপথ আমাদের চূড়ান্ত বিজয় অর্জন ত্বরান্বিত করেছে। নাহিদ শুধু রাজপথের সহযোদ্ধাই নয়, বন্ধুও বটে। ক্যাম্পাসে আমরা দীর্ঘ সময় যাবৎ পাশাপাশি থেকে ন্যায়সঙ্গত আন্দোলন করে আসছি। হ্যাঁ, মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না। কিন্তু ব্যক্তিগতভাবে ছাত্র নেতৃত্ব এমন কোনো সিদ্ধন্ত নেয়নি যেটার জন্য হেনস্তার শিকার হতে হবে। আমরা চাই— রাষ্ট্রের ইতিবাচক সংস্কার ও নতুন রাজনৈতিক মীমাংসা। ছাত্র নেতৃত্ব আস্থা হারানোর মতো কোনো সিদ্ধান্তও নেয়নি। মনঃপূত সিদ্ধান্ত না নিলে আমরা গঠনমূলক সংশোধনী দিব আর তারা গ্রহণ করার মানসিকতাও দেখায়, দেখাচ্ছে, দেখাবে।’
বুধবার (১৩ নভেম্বর) সকালে ফেসবুকে একটি পোস্ট দেন সারজিস। লেখেন- ‘নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। DGFI, D ‘র পাশবিক অত্যাচার, কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাতরা আরও ৩ মাস আগেই বলেছিল ‘we are open to be killed’.
মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি।
তিনি আরও লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল সেটা বুঝেছি। সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার অমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। কিন্তু এজেন্ট হিসেবে ভেতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয়, তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হতে হাত রেখে রাজপথে ঘাম ঝড়িয়ে, রক্ত ঝড়িয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান!’
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ তার ফেসবুকে #WeAreNahid_Asif হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, ‘আজকে দেখছি নীতিহীন একটা মানুষ টকশোতে গিয়ে গলাবাজি করে গেলেন। উনি বা ওনাদের বিষয়ে আমি মাসুদ কথা বলা শুরু করলে ল্যাংটা হয়ে যাবেন।’
তিনি আরও লেখেন, ‘বিপ্লব ক্যাম্নে হয়েছে আমি আব্দুল হান্নান মাসউদ, আব্দুল কাদের, রিফাত রশিদ আর মাহিন সরকারের চেয়ে ভালো কেউ ব্যাখ্যা করতে পারবে না। নাহিদ ভাই, আসিফ ভাইকে নিয়ে ষড়যন্ত্র করবেন? এই নাহিদ ভাই, আসিফ ভাইয়ের ১৬, ১৭ জুলাই থেকে শুরু করে ২৫ তারিখ আটক হওয়ার আগ পর্যন্ত ঐতিহাসিক ভূমিকাই পরবর্তীতে বিপ্লবে আমাদের পথনির্দেশনা দিয়েছে। আটকাবস্থা থেকে বেরিয়ে যে নেতৃত্ব ওনারা দিয়েছেন, তার ফলাফলস্বরূপ আজকে আপনাদের এসব গলাবাজি। আমরা কথা বলা শুরু করলে তখন মুখ চেপে ধরতে আয়সেন না৷ পরিষদের ইতিহাসও জানানো হবে।
#সাধু_সাবধান
আমাদের ভাইদের ইঙ্গিত করে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করবেন আর আমরা চুপ থাকবো তা আর হবে না।’

0 মন্তব্যসমূহ