শুটিং ফ্লোরে আহত তারকা অভিনেতা
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ অবস্থায় মুম্বাইয়ে শুটিং ফ্লোরে আহত হয়েছেন তিনি। বিষয়টি অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়া টুইটারে এক পোস্টে নিশ্চিত করেছেন।
এছাড়া ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘হান্টার: টুটেগা নহি তোড়েগা’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন সুনীল শেঠি। এতে কয়েকটি অ্যাকশন দৃশ্য রয়েছে। তারই একটি দৃশ্যে শুটিং করতে গিয়ে বুকের পাঁজরে আঘাত পেয়েছেন এ বলি তারকা।
অভিনেতার ম্যানেজার জানান, আজ একটি অ্যাকশন দৃশ্যে শুটিং চলছিল। এতে অভিনেতার সঙ্গে আরও তিনজন ছিলেন। তাদেরই একজন সুনীল শেঠির দিকে কাঠের লগ নিয়ে এগিয়ে আসেন। যদিও দৃশ্যটি কোরিওগ্রাফ করা হয়েছিল। আর সেই কাঠের লগটি তারকার পাঁজরে লাগে। পরে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয় এবং সুস্থও হয়ে উঠেন তিনি।
এদিকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এ অভিনেতা আঘাত পেলে সেই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে। ফলে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পগেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এ ব্যাপারে সুনীল শেঠি শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছেন, ‘সামান্য আঘাত পেয়েছি। তবে গুরুতর কিছু হয়নি। আমি একদমই ভালো আছি এবং পরবর্তী দৃশ্যে শুটিংয়ের জন্য প্রস্তুত আছি। আমার প্রতি আপনাদের এত এত ভালোবাসা ও যত্নের জন্য কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, সম্প্রতি বলিউড সিনেমা ও ওয়েব সিরিজে ক্রমশ অ্যাকশন দৃশ্য বেড়ে চলছে। সেই ধারাবাহিকতায় অভিনেতারা শুটিং করতে গিয়ে প্রায়ই আহত হচ্ছেন বলে খবর আসছে।

0 মন্তব্যসমূহ