জঙ্গলে ফেলে যাওয়া ব্যাগে মিললো ৬ কেজি গহনা
সাতক্ষীরার কলারোয়ার তলুইগাছা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের জঙ্গলে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৬ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকায় ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ব্যাগ ফেলে জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি চালিয়ে ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করা হয়।
আরও পড়ুন : নিজের বাবা-ভাইকে ফাঁসাতে হত্যা মামলা, তদন্তে বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
তিনি আরও জানান, উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক বাজারমূল্য আট লাখ আটানব্বই হাজার নয়শত পাঁচ টাকা। এ ঘটনায় কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উদ্ধারকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

0 মন্তব্যসমূহ