পুরোনো কাপড় থেকে সব্যসাচীর আইকনিক পোশাক তৈরি করেছে সুবিধাবঞ্চিত শিশুরা

 

পুরোনো কাপড় থেকে সব্যসাচীর আইকনিক পোশাক তৈরি করেছে সুবিধাবঞ্চিত শিশুরা 




সম্প্রতি ভারতের লখনউয়ের একদল সুবিধাবঞ্চিত শিশুর সৃজনশীলতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উত্তর প্রদেশের রাজধানীর একটি বস্তির শিশুরা খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির আইকনিক ব্রাইডাল কালেকশন রিক্রিয়েট করেছে। ইয়ন থেকে জানা যায়, ‘ইনোভেশন ফর চেঞ্জ’ নামের একটি স্থানীয় এনজিওর উদ্যোগে তৈরি করা ভিডিওতে দেখা যায়, এই শিশুরা সব্যসাচীর ঐতিহ্যবাহী বিয়ের পোশাকগুলো অনুসরণ করে নিজেদের মত করে রিক্রিয়েট করেছে। 

সুবিধাবঞ্চিত শিশুদেত সৃজনশীলতা কেবল নেটিজেনদের মুগ্ধ করেনি, বরং সব্যসাচী নিজেই তাদের প্রশংসা করেছেন। সব্যসাচী এই ভিডিওটি তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই শিশুদের ‘উইনার’ বলে সম্বোধন করেন। বলিউড অভিনেত্রী অদিতি রাও তাদের এই উদ্যোগে শুভেচ্ছা জানিয়েছেন।

সম্প্রতি সব্যসাচী তার ইনস্টাগ্রামে ‘হেরিটেজ ব্রাইডাল’ নামে একটি ভিডিও পোস্ট করেন। তিনি সেখানে লাল রঙকে কেবল বিয়ের মৌসুমে নয়, বরং একে ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে ধরেন। তার এই ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়ে লখনউয়ের বস্তিতে বসবাসরত শিশুরা কাজ শুরু করে। ঐ শিশুরা স্থানীয় বাসিন্দাদের দেয়া কাপড় দিয়ে সব্যসাচীর বিয়ের পোশাক রিক্রিয়েট করে।

ইনোভেশন ফর চেঞ্জ জানিয়েছে, এই ভিডিও ধারণ করেছে ১৫ বছর বয়সী কিছু কিশোর-কিশোরী, যারা ক্যামেরার সামনে নিজের দক্ষতা বাড়াতে চায়। ভিডিওতে দেখা যায়, ১২ থেকে ১৭ বছর বয়সী মেয়েরা নিজেরাই পোশাক তৈরি ও মডেলিং করেছে। এই শিশুরা খুবই দারিদ্র্যপীড়িত পরিবার থেকে এসেছে। স্থানীয় বাসিন্দাদের ব্যবহার করা পুরানো কাপড় থেকেই তারা সব্যসাচীর আইকনিক ডিজাইনের পোশাক তৈরি করেছে। সব্যসাচীর সাম্প্রতিক একটি ভিডিও দেখার পর তারা এই কাজ করার উৎসাহ পায়। এই শিশুরা প্রমাণ করেছে, প্রতিভা ও সৃজনশীলতার জন্য বড় সুযোগের প্রয়োজন নেই, বরং উদ্যোগই পারে অসম্ভবকে সম্ভব করতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ