নাটোরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
নাটোর: নাটোরের বড়াইগ্রামে ১০ বছরের একটি শিশুকে ধর্ষণের দায়ে মো. আবুল কাশেম ওরফে বাহাদুর (৬৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় অপরাধ প্রমাণ না হওয়ায় সাতজনকে খালাস দিয়েছেন আদালত।
ঘটনার সময় দণ্ডপ্রাপ্ত বাহাদুরের বয়স ছিল ৬০ বছর। তার বাড়ি বড়াইগ্রাম উপজেলার গড়মাটি মধ্যপাড়ায়।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ১২ জুলাই সকালে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে বাহাদুর তাকে ডেকে নিজের ডেকোরেটরের দোকানে নিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার বাবাকে ঘটনাটি জানান। পরে শিশুটিকে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর শিশুর বাবা বাদী হয়ে বাহাদুরসহ আটজনকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ তদন্ত করে বাহাদুরের নামে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ প্রায় সাড়ে ছয় বছর পর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।

0 মন্তব্যসমূহ