বান্ধবীর জন্মদিনের দাওয়াত খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ

 

বান্ধবীর জন্মদিনের দাওয়াত খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ




খাদ্য বিষক্রিয়ায় রাজবাড়ীর কালুখালী উপ‌জেলার এক‌টি বিদ‌্যাল‌য়ের সাত শিক্ষার্থী একযোগে অসুস্থ‌ হয়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে। বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

অসুস্থ‌ শিক্ষার্থীরা হলো- প্রীতি, সুরভি, অন্তরা, তিশা, হিয়া, রাফিয়া ও আঁখি। এদের মধ্যে প্রথম পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি এবং রা‌ফিয়া আখিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা সকলেই স্থানীয় দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রীতি জানান, বুধবার তাদের সহপাঠি স্নিগ্ধার জন্মদিন ছিল। টিফিনের সময় জন্মদিনের দাওয়াত খেতে স্নিগ্ধার বাড়িতে যান তারা ১৩ জন বান্ধবী। সেখানে তারা ইলিশ ও খিচুড়ি খেয়েছিল। স্কুলে ফেরার পথে স্থানীয় একটি দোকান থেকে তারা সবাই কেক কিনে খায়। স্কুলে ফিরে কমনরুমে বসার কিছুক্ষণ পর থেকে মাথা ব্যথা, পেট ব্যথা শুরু হয়। আস্তে আস্তে তারা সাতজনই অসুস্থ হয়ে পড়ে। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা পারভীন জানান, টিফিনের পর ওদের ক্লাস ছিল। ক্লাস নিতে গিয়ে দেখেন ওরা নেই। পরে কমন রুমে গিয়ে দেখেন মেয়েরা পেট ব্যথায় কান্নাকাটি করছে। সঙ্গে সঙ্গে অভিভাবকদের ফোন দেন ও অসুস্থ সবাইকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া আক্তার জানান, খাদ্য বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে। দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপুর রেফার্ড করা হয়েছে। বাকি পাঁচজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ